তনুর দুই বান্ধবীকে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

তনু হত্যাকাণ্ডকুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর দুই বান্ধবীকে কুমিল্লা সিআইডি কার্যালয়ে আনা হয়েছে। বুধবার (২২ জুন) সকাল ১০টার দিকে তাদের কার্যালয়ে আনার পর একটি কক্ষে জিজ্ঞাসাবাদ চলছে। তবে তাৎক্ষণিকভাবে দুই জনের নাম জানা যায়নি।

এদিকে, দুপুর ২টার দিকে বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খানের নেতৃত্বে সিআইডির একটি প্রতিনিধি দল কুমিল্লা সেনানিবাসে যাওয়ার কথা রয়েছে। এ বিষয়ে মুঠোফোনে মামলার তদন্তকারী কর্মকতা সিআইডির পরিদর্শক গাজী মো. ইব্রাহিম জানান, মামলার তদন্তের স্বার্থে তনু যে থিয়েটারে কাজ করতো ওই থিয়েটারে সম্পৃক্ত তার দুই বান্ধবীকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের বাসার পাশের একটি ঝোপে পাওয়া যায় তনুর মরদেহ। এ হত্যাকাণ্ডের পর তিন মাস অতিবাহিত হলেও এখনও হত্যাকাণ্ডের রহস্য বের করতে পারেনি সিআইডি। এছাড়াও গত ৪ এপ্রিল এবং ১২ জুন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে দেওয়া ময়নাতদন্ত প্রতিবেদনে তনুর মৃত্যুর কারণ উল্লেখ না করেই প্রতিবেদন দেওয়া হয়।

দুপুরে ফোনে তনুর বাবা ইয়ার হোসেন জানান, ‘যারা তনু হত্যার বিচারের দাবিতে ঘটনার পর থেকে আন্দোলন করে আসছে সিআইডি জিজ্ঞাসাবাদের নামে বারবার তাদেরকেই অফিসে ডেকে আনছে। তিনি বলেন, আমি যখন সব হারিয়েছি, এখন আর কিছুই হারানোর ভয় নেই, মেয়ে হত্যার বিচার চাইতে গিয়ে কোনও ভয়-ভীতিতে আমি পিছু হটবো না।

আরও পড়ুন- 

যে কৌশলে বিনা পরোয়ানায় গ্রেফতার

জঙ্গি ও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবো না: প্রধানমন্ত্রী

/বিটি/এফএস/