চট্টগ্রামের চার আনসারুল্লাহ সদস্য পাঁচ দিনের রিমান্ডে

প্রতীকী ছবিচট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেফতার হওয়া আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে আদালতের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সার এ আদেশ দেন। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেছিলো পুলিশ।
আদালত পুলিশের পরিদর্শক মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, সীতাকুণ্ড থেকে গ্রেফতারের পর আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন- মুছা ইবনে উমায়ের (২৫), ফয়সাল হোসেন ওরফে শিপন (২৫), খোরশেদুল আলম (৩১) ও রাসেল মো. ইসলাম (৪১)। এদের মধ্যে মুছা সংগঠনটির বায়তুল মাল সম্পাদক।
এর আগে, চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেফতারের কথা জানিয়েছিলো পুলিশ। সোমবার চাপাতি, কিরিচের মতো ধারালো অস্ত্র, ছয়টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ, ট্যাবসহ তাদের গ্রেফতার করা হয়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছিলেন।


/এমও/এজে