ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত

Brahmanbaria Accident Pic-1

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত ও পাঁচজন আহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা নামক স্থানে সোমবার সকাল পৌনে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার সাদেকপুর গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে দুধ মিয়া (৬০) ও একই গ্রামের কাশেম মিয়ার ছেলে প্রবাসী রুমান মিয়া (৩৫)। আহতদের মধ্যে দুইজনের নাম পরিচয় জানা গেছে। তাদের একজন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামের আব্দুল কাইয়ূম (৭২) ও পার্শ্ববর্তী বিরামপুর গ্রামের জামাল মিয়া (৪৫)। তাৎক্ষণিকভাবে অন্য দুইজনের নাম পরিচয় জানা যায়নি।

সরাইল বিশ্বরোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর সিদ্দিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জান, সকাল পৌনে ৭টার দিকে  ব্রাহ্মণবাড়িয়া থেকে যাত্রীবাহী একটি মাইক্রেবাস ঢাকা যাওয়ার পথে বিপরিত দিক থেকে আসা সিলেট অভিমুখি একটি রড বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রেবাসের দুই যাত্রী নিহত হয়। আহত হয় অপর পাঁচ যাত্রী। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। এ ঘটনায় সরাইল বিশ্ব রোড হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

আহত সবার অবস্থা গুরুতর হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/জেবি/

 আরও পড়তে পারেন : পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলে এক বছর পূর্তি উৎসব পালিত