স্থানীয় সূত্র জানায়, কিছুদিন আগে সাদেক আলী উত্তর চাঁনপুরে বাড়ি নির্মাণ করার জন্য একটি জমি কেনেন। বাড়ি নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় হাজী বিল্লাল হোসেনসহ কয়েকজন যুবক সাদেক আলীর কাছে চাঁদা দাবি করে আসছিল।
বৃহস্পতিবার সাদেক ঢাকা থেকে বাড়ি এসে দুপুরে স্থানীয় জামালের দোকানে গেলে বিল্লাল হোসেন, রিজন, রনি, জামাল ও মোতালেবসহ কয়েকজন যুবক তার কাছে চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে ওই যুবকরা ঘটনাস্থলে সাদেককে ইট এবং হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে সাদেক দৌঁড়ে চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে ওইখানে তাকে ইট, কাঠ এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা দুটি দোকান, মোটরসাইকেল ও একটি বাড়ি ভাঙচুর করে।
এ ব্যাপারে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন জানান,পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে হাজী বিল্লাল হোসেনের স্ত্রী, দুই মেয়ে এবং এক যুবককে আটক করা হয়েছে। নিহতের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
/এআর/