নির্বাহী ম্যাজিস্ট্রেটের অফিসে গুলি, ডিসি অফিসে আতঙ্ক

নোয়াখালীনোয়াখালী ডিসি অফিসের দ্বিতীয় তলায় কর্তব্যরত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুনের অফিস কক্ষে জানালার কাঁচ ভেঙে একটি বুলেট ঢুকে যায়। বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে এই ঘটনার পর আতঙ্কে রুম ছেড়ে বেরিয়ে পড়েন মাহমুদা খাতুন। এসময় ডিসি অফিসের অন্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাছেই পুলিশ প্রশিক্ষণ চানমারি থেকে এই গুলি ছুটে আসে বলে জানান কর্মকর্তারা।  

জানা গেছে, গুলির খবর শুনে ডিসি মাহবুবুল আলম তালুকদার ও এডিসি মাহবুবুর রহমান কর্মরত অবস্থায় নিজেদের কক্ষ থেকে ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুনের কক্ষে ছুটে আসেন এবং মেঝেতে একটি গুলির খোসা দেখতে পান। পরে পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ এবং অতিরিক্ত পুলিশ সুপার একে এম জহিরুল ইসলাম পাশ্ববর্তী ভবন থেকে ঘটনাস্থলে ছুটে আসেন। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমানসহ পুলিশ ও অন্যান্য দফতরের কর্মকর্তারাও ঘটনাস্থলে আসেন।  

ডিসি মাহবুবুল আলম তালুকদার বলেন, ‘খুব কাছেই পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের ফায়ারিং বাড (চানমারি) থেকে এ গুলি আসতে পারে। তবে বিষয়টি পুলিশ কর্তৃপক্ষ খতিয়ে দেখবে।’

পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ বলেন, ‘পুলিশের প্রশিক্ষণ চলাকালিন সময় ফায়ারিং বাড থেকে অসাবধানতাবশত গুলিটি এসেছে। তখন লক্ষ্মীপুর জেলার পুলিশ প্রশিক্ষণ নিচ্ছিল। এ ধরণের ঘটনা যেন না ঘটে সে লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ফায়ারিং বাড বন্ধ থাকবে। আজকের ঘটনায় কারও কোনও গাফলতি থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও জানান, এই প্রশিক্ষণ কেন্দ্রে লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, চট্টগ্রামসহ বিভিন্ন জেলার পুলিশ প্রশিক্ষণ নেয়। 

পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের ডিআইজি মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে ব্যবস্থা নেওয়া হবে।

/এফএস/ 

আরও পড়ুন- 
সংসদে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট