‘লংগদু হামলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত তাদের দায়িত্ব সরকারের’

রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সেতুমন্ত্রী

রাঙামাটির লংগদু উপজেলায় হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত পাহাড়িদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত তাদের জন্য দায়িত্ব সব সরকারের বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

পাহাড় ধসে রাঙামাটির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে করতে বুধবার সকালে হেলিকপ্টারে করে সেখানে পৌঁছান সেতুমন্ত্রী। এরপর সার্কিট হাউজে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করেন।

রাঙামাটির ডিসি অফিস প্রাঙ্গণে ত্রাণ বিতরণ করেন সেতুমন্ত্রী। এ সময় তিনি বলেন, লংগদুর ঘটনায় তিন কোটি টাকা এবং ৫০০ বান্ডেল টিন বরাদ্দ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ এক লাখ টাকা ও ৫ বান্ডেল টিন দেওয়া হবে। বরাদ্দের এ বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জেল হোসেন মায়ার সঙ্গে কথা বলে ঠিক করেন।

এ সময় ওয়ায়দুল কাদের বলেন, ‘লংগদুর প্রত্যেক পরিবারকে তাদের বাড়ি নির্মাণ ও পুনর্বাসন না করা পর্যন্ত যা যা প্রয়োজন সরকার সবই করবে।’

১ জুন লংগদু উপজেলা থেকে ভাড়ায় মোটরসাইকেল চালক ও স্থানীয় সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নয়ন দুই যাত্রী নিয়ে দীঘিনালার দিকে রওনা হন। এদিন দুপুরের পর দীঘিনালার চার মাইল এলাকায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে সন্ধ্যায় ফেসবুকে তার মৃতদেহের ছবি দেখে শনাক্ত করে পরিবার ও বন্ধুরা। ২ জুন সকালে নয়নের লাশ লংগদুতে তার গ্রামের বাড়ি বাইট্টাপাড়া আনা হয়। এই ঘটনায় ২ জুন খাগড়াছড়ি সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

/এসটি/