সকাল ১০টায় জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে ক্লিনিকটি উদ্বোধন করেন। নতুন চালু হওয়া এই কমিউনিটি ক্লিনিকে দুজন স্বাস্থ্যকর্মী, দুজন টিকাদানকর্মী এবং একজন হেলথ প্রোভাইডার সার্বক্ষণিক সেবা প্রদান করবেন।
সিভিল সার্জন বলেন, ‘আপাতত একটি ভাড়া ঘরে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম চালু করা হয়েছে। খুব শিগগির স্থায়ী ভবন নির্মাণ করে সেখানে স্থানান্তর করা হবে। নতুন চালু হওয়া এই ক্লিনিকে ওই এলাকার বাসিন্দারা রক্তচাপ, কফ, কাশি এবং সুগার পরীক্ষা করতে পারবেন। সেখানে গর্ভবর্তী মা এবং শিশুদের সেবা দেওয়া হবে।’
জুন মাসের শেষদিকে জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি, পাতলা পায়খানাসহ অন্যান্য উপসর্গে আক্রান্ত হয়ে তিন দিনের ব্যবধানে বার আউলিয়া, সোনাইছড়ি ও ত্রিপুরা পাড়ায় ৯ শিশু মারা যায়। পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরীক্ষায় জানা যায়, হাম এবং অপুষ্টিজনিত কারণেই এসব শিশু মারা গেছে। সেইসঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক দল জানায় ওই এলাকার শিশুদের দীর্ঘদিন ধরে টিকা দেওয়া হয়নি।
এ ঘটনার পর গত ২৯ জুলাই থেকে সীতাকুণ্ড উপজেলার ত্রিপুরা পাড়াসহ তিন ইউনিয়নে শিশুদের হামের টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমের আওতায় ওই এলাকার ৪৬ হাজার ১৪৫ জন শিশু-কিশোরকে টিকা প্রদান করা হচ্ছে। এর মধ্যে ৮২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ৩১ হাজার ২২৫ জন ছাত্রছাত্রীও রয়েছে।
/বিএল/