বান্দরবানে আটক চার ‘গুপ্তচর’কে তুমব্রু ক্যাম্পে পাঠানো হয়েছে

মিয়ানমারের আটক চার ‘গুপ্তচর’বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে গুপ্তচর সন্দেহে আটক চারজনকে তুমব্রু রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। তবে তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে।

বান্দরবান সেনাবাহিনীর ৬৯ পদাতিক বান্দরবান সেনা রিজিয়নের কর্মকর্তা (জিটুআই) মেজর মোহাম্মদ মেহেদী বলেন, আটক ওই চার মিয়ানমারের নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু জিজ্ঞাসাবাদে তেমন কোনও তথ্য না পাওয়ায় এবং গুপ্তচরবৃত্তির প্রমাণ না মেলায় তাদেরকে বৃহস্পতিবার ৩১ বিজিবির মাধ্যমে তুমব্রু রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে ঘুমধুম এলাকা থেকে তিনজন ও বুধবার (১৩ সেপ্টেম্বর) নাইক্ষ্যংছড়ি সদর থেকে একজন ‘গুপ্তচর’কে আটক করে ৩১ বিজিবি। আটককৃতরা হলেন আনোয়ার হোসেন (৪০), জাফর আলম (৪৫), মো. আজমল হোসেন (৪০) ও  কালু মিয়া (৬০)। তারা সবাই মিয়ানমারের মংডু শহরের ফকিরাবাজারস্থ আমতলির বাসিন্দা।

আরও পড়ুন:

নাইক্ষ্যংছড়িতে আটক হওয়া চার ‘গুপ্তচর’ রোহিঙ্গা হত্যার সঙ্গে জড়িত দাবি স্থানীয়দের