অর্থ আত্মসাৎসহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার মেয়র মোহাম্মদ মাঈনউদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বুধবার দুপুরে স্থানীয় সরকার বিভাগের এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। গতকাল রাতে এ সংক্রান্ত আদেশের কপি নবীনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে পৌঁছে।
নবীনগর উপজেলা নির্বাহী অফিসার তানভীর সালেহীন গাজী জানান, পৌরসভার মোট ১২ জন ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে ১০ জন কাউন্সিলর মেয়র মাঈনউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ এনে স্থানীয় সরকার বিভাগে অভিযোগ করে।
অভিযোগকারী কাউন্সিলররা হলেন- প্যানেল মেয়র দেলোয়ার হোসেন, কাউন্সিলর রমজান আলী, দ্বীন ইসলাম, যদু ঋষি, জাহাঙ্গীর আলম, রশিদা বেগম, আবু ছায়েদ, রেহেনা খাতুন ও আবু হানিফ।
কাউন্সিলরদের অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক দীপক চক্রবর্তী সরেজমিনে তদন্তে আসেন। তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়ার পর স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাবর তদন্ত রির্পোট জমা দেন। পরে কর্মকর্তারা রির্পোট যাচাই-বাছাই করে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৩১(১) ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. আবদুর রউফ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসভার মেয়র মোহাম্মদ মাঈন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেন।