মুখোমুখি সংঘর্ষের পর ট্রাক্টর-অটোরিকশা পুকুরে, ৩ জনের মৃত্যু

লক্ষ্মীপুরলক্ষ্মীপুরের কমলনগরে ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর দুটি যানবাহনই পুকুরে পড়ে গেছে। এই ঘটনায় শিশু ও নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে স্থানীয় ফজুমিয়ারহাট-করুনানগর সড়কের (বেড়ির রাস্তা) স্থানীয় মোহাম্মদিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী, ফায়ার সার্ভিসকর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। আহতদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস সদরের ইনচার্জ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে তিনি জানান, লাকড়ি বোঝাইকৃত একটি ট্রাক্টর ও যাত্রীবহনকারী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ওই গাড়িই রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই শিশু রিংকু আক্তার ও হারুন নামের একজন নিহত হন। আহত হন চার জন। পরে গুরুতর আহত আমেনা বেগমকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু রিংকু স্থানীয় আন্ডারচর এলাকার আলাউদ্দিনের মেয়ে। নিহত হারুন ও আমেনা একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।