তল্লাশি চৌকিতে পুলিশকে গুলি: আরও তিন জন গ্রেফতার

চট্টগ্রামচট্টগ্রামে তল্লাশি চলাকালে পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে এ ঘটনায় পুলিশ ছয় জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার তিন জন হলেন- খোকন চৌধুরী (২৪), আয়মান জিহাদ (২২) ও মাহি (১৮)। এদের মধ্যে খোকন ও আয়মান জিহাদকে আনোয়ারা উপজেলা থেকে গ্রেফতার করা হয়। অপরজন মাহিকে পাঁচলাইশ থানাধীন রহমান নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মহিউদ্দিন মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় আরও  তিন জনকে আমরা গ্রেফতার করেছি। তাদের মধ্যে খোকন নামে একজন রয়েছে যে পেশাদার ছিনতাইকারী। খোকনই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। অপর দুই জনের মধ্যে জিহাদ নামে একজন  এ লেভেলে পড়ে, অন্যজন একাদশ শ্রেণিতে পড়ে।’

প্রসঙ্গত, শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর ষোলশহর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় একটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দিলে ওই মোটরসাইকেল থাকা এক যুবক পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এতে পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক আব্দুল মালেক গুলিবিদ্ধ হন। ওই সময় পুলিশ ধাওয়া দিয়ে আব্দুল হাকিম অভি নামে এক কিশোরকে গ্রেফতার করে। একই দিন রাতে পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে প্রত্যয় ও রাকিব নামে আরও দুই কিশোরকে গ্রেফতার করে পুলিশ। পরে ওইদিন রাতে উপ-পরিদর্শক নুরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ইতোমধ্যে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।