কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক সুমনকে কুপিয়ে হত্যার চেষ্টার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এসময় প্রায় দুই ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। রবিবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর বিকেল ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রবিবার দুপুরে নাঙ্গলকোট পৌর বাজারের একটি হোটেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক সুমনের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মিশুকে অভিযুক্ত করে বলেন, ‘মিশুর নেতৃত্বে একটি দল সুমনের ওপর হামলা চালিয়েছে।’
অন্যদিকে, এ ঘটনার প্রতিবাদে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা নাঙ্গলকোট পৌর বাজারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট স্টেশন এলাকা অবরোধ করে রাখে। এ কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি নাঙ্গলকোট স্টেশনে আটকা পড়ে। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সমস্যা সমাধানের আশ্বাস দিলে প্রায় দুই ঘণ্টা পর বিকেল ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এছাড়া ঘটনার পর বাজারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শুরু হলে বাজারের সব দোকান-পাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উপজেলা ছাত্রলীগের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, ওইদিন দুপুরে উপজেলা পরিষদের একটি অনুষ্ঠান অংশগ্রহন শেষে দুপুরের খাবার খেতে নাঙ্গলকোট পৌর বাজারের মোল্লা হোটেলে যান ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক সুমনসহ দলের কয়েক জন নেতাকর্মী। এ সময় রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মিশুর নেতৃত্বে ১০/১২ জনের একটি দল সুমনের ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় তারা ছাত্রলীগ নেতা আবদুর রাজ্জাক সুমনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় সুমনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠায়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন অভিযোগ করে বলেন, ‘ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক সুমনকে হত্যার উদ্দেশ্যেই ১০/১২ জন সন্ত্রাসী নিয়ে এই হামলা চালিয়েছে আনোয়ার হোসেন মিশু। সন্ত্রাসীরা ছাত্রলীগ নেতা সুমনের দুই হাত, চোখের নিচ ও মাথায় এলোপাতাড়ি কুপিয়েছে। তার অবস্থা এখন আশংকাজনক। এ ঘটনার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে নাঙ্গলকোটের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ করছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মিশু। তিনি বলেন, এসব ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশে এসব অপপ্রচার চালানো হচ্ছে। গত ১৮ ফেব্রুয়ারি আবদুর রাজ্জাক সুমনের লোকেরা আমাকে কুপিয়েছে। সেদিন থেকে আমি এখনও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছি।
এ প্রসঙ্গে জানতে চাইলে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, ‘আমরা জেনেছি দুপুরের খাবার খেতে গেলে মিশু নামে এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক সুমনকে কুপিয়ে আহত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আরও পড়ুন: প্রেমিকের ফোন পেয়ে প্লেন থেকে নেমে গেলেন তরুণী