তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক বলেছেন,‘বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে আরও আকর্ষনীয় করে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈকতে ১১টি পয়েন্টে ওয়াইফাই ফ্রি হটস্পষ্ট জোনের অনুমোদন দিয়েছেন। খুব দ্রুত সময়ের মধ্যে সৈকতের লাবনী পয়েন্ট থেকে শুরু করে প্রত্যেকটি পয়েন্টে আইসিটি মন্ত্রাণালয়ের তরফ থেকে ওয়াইফাই সংযোগ দেওয়া হয়ে। সোমবার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতে কক্সবাজার জেলা ছাত্রলীগ আয়োজিত ‘জনসচেতনতামূলক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০১৮’ কর্মসূচির উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।
এসময় মন্ত্রী আরও বলেন,‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও জননেত্রী শেখ হাসিনার অনুগত কর্মী হিসাবে ১৯২টি রোহিঙ্গা ক্যাম্পে ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করছে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখা। এর মাধ্যমে প্রমাণ হয় ছাত্রলীগ জনকল্যাণ ও জনগণের স্বার্থে রাজনীতি করে। কক্সবাজার জেলা ছাত্রলীগ নিজ উদ্যোগে সৈকত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অভিযান শুরু করেছে। আসুন আমরাও তাদের সঙ্গে হাত মিলিয়ে সৈকতকে পরিচ্ছন্ন রাখি।’
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক আরও বলেন,‘কক্সবাজারসহ বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে আমার মন্ত্রণালয় কাজ করছে।’ এসময় মন্ত্রী উপস্থিত সবাইকে সৈকত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ওয়াদা করান।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়ের সভাপতিত্বে ‘আমাদের সমুদ্র রাখিব বিশুদ্ধ’ স্লোগানে দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধনকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার ড.একেএম ইকবাল হোসেন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সহ-সভাপতি রেজাউল করিমসহ অন্যরা।
আরও পড়ুন: প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় মাদ্রাসা ছাত্রীকে কুপিয়ে আহত