‘সৌদি সরকার রোহিঙ্গাদের সব ধরনের সহযোগিতা দেবে’

সৌদি আরবের কিং সালমান রিলিফ অ্যান্ড হিউম্যানিটারিয়ান সেন্টারের সুপারভাইজার জেনারেল

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সব ধরনের মানবিক সহায়তা দেবে সৌদি সরকার। রোহিঙ্গা সংকটের শুরুতেই সৌদি সরকার ২০ মিলিয়ন সৌদি রিয়াল সাহায্য দিয়েছে। সৌদি সরকার ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত রাখবে। বুধবার দুপুরে  (১১ এপ্রিল) কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সৌদি আরবের কিং সালমান রিলিফ অ্যান্ড হিউম্যানিটারিয়ান সেন্টারের সুপারভাইজার জেনারেল ড. আব্দুল্লাহ আল রাবিয়াহ।

রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইনে অনেক নির্যাতনের স্বীকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গারা নিজ ভূমিতে সম্মানের সঙ্গে ও নিরাপদে যাতে ফিরে যেতে পারে, সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে হবে। আসন্ন রমজানে রোহিঙ্গারা যাতে রোজা পালন করতে পারে, সেজন্য সৌদি সরকার সহযোগিতা করবে।’

এসময় তারা বালুখালী ক্যাম্পে অবস্থানরত প্রায় পাঁচ শতাধিক রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং নবজাতক শিশুসহ নির্যাতিত নারীদের খোঁজখবর নেন।

এর আগে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলো পরিদর্শন করেন সৌদি আরবের উচ্চ পর্যায়ের ২১ সদস্যের এই প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি বুধবার সকাল ১১টায় কক্সবাজার পৌঁছেন। বেলা সাড়ে ১২টা থেকে উখিয়ার বালুখালি রোহিঙ্গা শিবিরে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে রোহিঙ্গা নারী ও শিশুদের সঙ্গে কথা বলেন এবং রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন। বিকালে মালয়েশিয়ান সরকারের অর্থায়নে পরিচালিত ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন। এই প্রথম সৌদি সরকারের উচ্চ পর্যায়ের কোনও প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে। এসময় উভয় দেশের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।