র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার রাতে বাঁশখালী-পেকুয়া এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গোলাগুলি হয়। পরে ঘটনাস্থলে আব্দুল হাকিমের লাশ পাওয়া যায়। সে ধর্ষণ মামলার আসামি।’ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
১৮ এপ্রিল আব্দুল হাকিম শেখেরখিল ইউনিয়নের টেকপাড়া এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। ধর্ষণের শিকার ওই শিশুটি তৃতীয় শ্রেণিতে পড়তো। এ ঘটনায় ২১ এপ্রিল শিশুটির বাবা বাঁশখালী থানায় মামলা দায়ের করেন।
এজহারে উল্লেখ করা হয়, গত ১৮ এপ্রিল মাদ্রাসা থেকে এসে বিকালে ওই ছাত্রী বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে যায়। এ সময় একা পেয়ে আব্দুল হাকিম জোর করে মেয়েটিকে ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটির চিৎকার শুনে লোকজন জড়ো হলে ধর্ষক হাকিম পালিয়ে যায়।