৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ছয় জন আটক

ইয়াবাসহ আটক আট মাদক ব্যবসায়ী

চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ছয় জনকে আটক করেছে পুলিশ। বুধবার (০২ মে) ভোর সাড়ে ৪টার দিকে ওই উপজেলার কেওচিয়া ইউনিয়নের বটতল এলাকা থেকে তাদের আটক  করা হয়।সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

আটক  ছয় জন একটি মাইক্রোবাসে করে ইয়াবাগুলো পাচার করছিল বলে তিনি জানান। 

আটক  ছয় জন হলেন- আব্দুর রহমান রিয়াজ (১৯), ইয়াসির আরাফাত হৃদয় (২১), মো. ফারুক হোসেন (২০), মাসুদ আলম (২০), নাছির উদ্দিন  (৩২) ও মো. কামাল উদ্দিন (১৮)।  

রফিকুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, মাদক ব্যবসায়ীরা মাইক্রোবাসে করে ইয়াবা পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়ার বটতল এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় আটক ছয় জনকে বহনকারী মাইক্রোবাসে বিশেষ কৌশলে রাখা ৩ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় তাদের আটক  করার পাশাপাশি মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।