কুমিল্লায় নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

কুমিল্লা

কুমিল্লায় নিখোঁজের ৩ দিন পর আয়েশা আক্তার (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরীর সংরাইশ এলাকার ভুতের গোলির অদূরে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আয়েশা একই এলাকার রাজমিস্ত্রি আবদুল লতিফের মেয়ে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ অজুফা বেগম নামে এক গৃহবধূকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংরাইশ এলাকার আয়েশা আক্তারদের পরিবারের সঙ্গে কিছু দিন আগে পাশের বাড়ির মালু মিয়ার পরিবারের বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আয়েশার পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেন মালু মিয়ার পরিবার। এরই মধ্যে গত মঙ্গলবার বিকেল থেকে শিশু আয়েশা নিখোঁজ হলে থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। বৃহস্পতিবার দুপুরের দিকে মালু মিয়ার বাড়ির পাশের একটি ডোবায় আয়েশার ক্ষত-বিক্ষত মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় সন্তানের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন আয়েশার বাবা-মা।

এ বিষয়ে ওই শিশুর বাবা আবদুল লতিফ সাংবাদিকদের জানান,‘পারিবারিক বিরোধের কারণেই মালু মিয়া ও তার স্ত্রী অজুফা ক্ষুব্ধ হয়ে আমার মেয়েকে হত্যা করে মরদেহ ডোবায় গুম করে রেখেছিল।

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া জানান, ওই শিশুর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ও জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী মালু মিয়ার স্ত্রী অজুফা বেগমকে আটক করা হয়েছে।