কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

কুমিল্লাকুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সাদ্দাম হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার (১ জুন) দিবাগত রাত সোয়া ২টার দিকে জেলার সীমান্তবর্তী চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কড়ইবন এলাকায় এ ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সাল এ তথ্য জানান।

নিহত সাদ্দাম হোসেন চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের ভাটবাড়ি গ্রামের আবুল হাশেম ওরফে কাশেমের ছেলে।

ওসি জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল মাদক উদ্ধার করতে শুক্রবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চৌদ্দগ্রামের কড়ইবন রাস্তার মাথায় অবস্থার নেন। এসময় উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন ও তার সহযোগীরা ওই স্থান দিয়ে মাদক  পাচারকালে পুলিশ তাদের আটকের চেষ্টা চালায়। এতে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষায় পাল্টা ১৪ রাউন্ড গুলি চালায়। দুই পক্ষের গুলি বিনিময়ে মাদক ব্যবসায়ী সাদ্দাম গুরুতর আহত হয়। তাকে উদ্ধারের পর কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই অভিযানে ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ২শ’ বোতল ফেনসিডিল ও তিন রাউন্ড কার্তুজ ভর্তি একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। নিহত সাদ্দামের বিরুদ্ধে চৌদ্দগ্রামসহ বিভিন্ন থানায় মাদক আইনে ১২ টি মামলা রয়েছে।