সোনাদিয়া সৈকত থেকে জাতিসংঘ কর্মকর্তার লাশ উদ্ধার





নিহত সোলেমান মুলাটারতিন দিন নিখোঁজ থাকার পর কক্সবাজারের সোনাদিয়া সৈকত থেকে সোলেমান মুলাটার (৪০) নামে এক জাতিসংঘ কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



নিহত সোলেমান মুলাটার কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে কর্মরত ছিলেন। তিনি ইথিওপিয়ার নাগরিক।
অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, এক বছর ধরে রোহিঙ্গা শিবিরে ইউএনএইচসিআরে কর্মরত ছিলেন সোলেমান মুলাটার। প্রেম সংক্রান্ত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার পকেটে থাকা ডকুমেন্ট থেকে পরিচয় নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার সকালে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য বের হয়ে তিনি আর ফিরে আসেননি। পরে তার নিখোঁজের বিষয়ে ইউএনএইচসিআরের পক্ষ থেকে কক্সবাজার পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়।