নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে অভিযান চালিয়ে বিবি মরিয়ম (২৮) নামের এক নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার দিবাগত রাত ১টার দিকে হাজীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটক বিবি মরিয়ম ওই এলাকার মনিরুজ্জামানের স্ত্রী।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী মনিরুজ্জামানের বাড়িতে অভিযান চালানো হয়। এসময়, পুলিশের উপস্থিতি টের পেয়ে মনির পালিয়ে যায়। পরে, তার ঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৩০ পিস ইয়াবাসহ তার স্ত্রী মরিয়মকে আটক করা হয়।
এ ঘটনায় আটক বিবি মরিয়মের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি ও অস্ত্র আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, মাদক ব্যবসায়ী মনিরুজ্জামানকে গ্রেফতারের চেষ্টা চলছে।