হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আবু তাহেরের বড় ছেলে আফতাব উদ্দিন বিপ্লব রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় মঙ্গলবার সকালে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বর্তমানে তিনি ঢাকা অবস্থান করছেন।
বিএনপি নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া বিপ্লব ২০১৪ সালে কারাগারে থাকা অবস্থায় বিয়ে করে আলোচনার জন্ম দেন। মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর কারাগার থেকে মুক্তি পান বিপ্লব। সেখান থেকে লক্ষ্মীপুর শহরের বাসায় যান তিনি। পরে পরিবারের সঙ্গে দাদার বাড়িতে সময় কাটানোর ছবি ফেসবুকে পোস্ট করেন বিপ্লবের ছোট ভাই জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু। পরে ঢাকায় বন্ধুদের সাথে কাটানোর কিছু ছবি ফেসবুকে দেন তিনি।
২০১১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান বিপ্লবের ফাঁসির সাজা মওকুফ করেন। পরের বছর আরও দুটি হত্যা মামলায় (কামাল ও মহসিন হত্যা) যাবজ্জীবন সাজা পাওয়া বিপ্লবের দণ্ড ১০ বছর করেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
জানা গেছে, টানা ১০ বছর পলাতক থাকার পর ২০১১ সালে বিপ্লব আত্মসমর্পণ করেন। পরবর্তীতে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতায় ফাঁসির দণ্ড মওকুফ ও জেল রেয়াত সুবিধা পেয়ে মুক্ত পান বিপ্লব।