একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে কক্সবাজার-টেকনাফ নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনে নিরাপত্তার কথা মাথায় রেখে ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪ দিন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সব ধরণের পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। ফলে দেশি-বিদেশি কোনও পর্যটক সেন্টমাটিনে ভ্রমণে যেতে পারবে না।
শনিবার (২২ ডিসম্বের) বিকেল ৩টার দিকে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার।
তিনি বলেন, ‘নির্বাচনের সময় নিরাপত্তার কথা বিবেচনা করে আজ বিকেল (শনিবার) এই সিন্ধান্ত নেওয়া হয়েছে ।’ তবে এ বিষয়ে আবার আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের পরির্দশক (পরিবহন) মোহাম্মদ হোসেন বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে ৩ অথবা ৪ দিনের জন্য টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হবে।’
তিনি বলেন, গত ২৬ অক্টোবরে এই নৌ রুটে দুইটি পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। তবে বর্তমানে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ছয়টি জাহাজ চলাচল করছে। সেগুলো হচ্ছে-কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, বে-ক্রুস, এলসিটি কাজল, এমভি ফারহান ও গ্রীন লাইন।
জানতে চাইলে সহাকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিউল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচনের সময় নিরপত্তার কথা চিন্তা করে ২৮ ডিসেম্বর থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজগুলো চলাচল বন্ধ করে দেওয়া হবে। ৪ দিন জাহাজ চলাচল বন্ধ থাকবে।’
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ১৪৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩৪ হাজার ১৪৫ জন এবং নারী ভোটার এক লাখ ৩২ হাজার একজন। ৩০ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।