নির্বাচনে দুষ্কৃতিকারীদের সুযোগ দেওয়া হবে না: লে. কর্নেল রুবায়েত

লে.কর্নেল রুবায়েত মাহমুদ হাসিবসুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সব দলের নেতাকর্মীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির সিন্দুকছড়ি সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল রুবায়েত মাহমুদ হাসিব। তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী। নির্বাচনে দুষ্কৃতিকারীদের কোনও প্রকার সুযোগ দেওয়া হবে না।’ দুপুরে খাগড়াছড়ির মানিকছড়িতে নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ক্যাপ্টেন মুফতি মাহমুদ জয়ের সঞ্চালনায় কর্মশালায় অন্যদের মধ্যে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, নির্বাচন কর্মকর্তা সুদৃষ্টি চাকমা, মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ, নির্বাচন কর্মকর্তা রনি কুমার দে বক্তব্য রাখেন। এ সময় জোন উপ-অধিনায়ক মেজর তৌহিদ সালাউদ্দিন, মানিকছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান, মানিকছড়ি সাবজোন অধিনায়ক ক্যাপ্টেন নাজিউর, গুইমারা সাব-জোন অধিনায়ক ক্যাপ্টেন ফয়সাল, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উশ্যে প্রু মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন।