কুমিল্লায় অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার, আটক ২

মেহেদী হাসান মিরান (ছবি– প্রতিনিধি)

কুমিল্লা নগরীতে অপহৃত মেহেদী হাসান মিরান নামের এক স্কুলছাত্রকে ২৪ ঘণ্টা পর ময়মনসিংহের গৌরিপুর রেলওয়ে স্টেশন এলাকার একটি বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশ ওই বাসার ভাড়াটিয়া (সাবলেট) নাহিদ ও নাহিদের সহযোগী মাসুদকে আটক করেছে।

উদ্ধার হওয়া মিরান কুমিল্লা নগরীর ইবনে তাইমিয়া স্কুলের শিশু শ্রেণির ছাত্র। সে জেলার চান্দিনা উপজেলার আটচাইল গ্রামের সৌদিপ্রবাসী কেফায়েত খানের ছেলে এবং নগরীর টমছমব্রিজ এলাকার ফাতেমা মঞ্জিলের একটি ফ্ল্যাটের ভাড়াটিয়া।

কুমিল্লার কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া বলেন, ‘গত শনিবার বেলা সোয়া ১১টায় মিরানের মায়ের অনুরোধে তাদের বাসার ভাড়াটিয়া নাছিমার ছেলে নাহিদ স্কুলে পৌঁছে দেওয়ার জন্য মিরানকে নিয়ে বাসা থেকে বের হয়। দুপুরে স্কুলে গিয়ে মিরানকে না পেয়ে নাহিদের বাসায় খোঁজ নিয়ে তাকেও পাওয়া যায়নি। পরে নিখোঁজ মিরানের মা নুসরাত জাহান এ বিষয়ে কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।’

ওসি আরও বলেন, ‘অপহরণকারীরা ছিল ট্রেনে। তাই মোবাইল ট্র্যাকিং করে তাদের অবস্থান ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাওয়া গেলেও সেখানে পুলিশ ছুটে গিয়ে তাদের না পেয়ে ফিরে আসে। পরে রবিবার দুপুরে মোবাইল ট্র্যাকিং করে পুলিশ অপহরণকারী চক্রের অবস্থান ময়মনসিংহের গৌরিপুর রেলওয়ে স্টেশনে নিশ্চিত হয়ে বিষয়টি ময়মনসিংহ ডিবি ও জিআরপি পুলিশকে অবহিত করার পর সেখানে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে অপহরণকারী নাহিদ ও মাসুদকে আটকসহ অপহৃত মিরানকে উদ্ধার করা হয়।’

এদিকে, ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘গৌরিপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকার বাসা থেকে জিআরপি পুলিশের সহায়তায় অপহরণকারীদের আটক ও অপহৃত ওই স্কুলছাত্র মিরানকে উদ্ধার করা হয়। তার সঙ্গে থাকা স্কুল ব্যাগের খাতাপত্র ও ডায়েরি থেকে স্কুলের নম্বরে ফোন করে মিরানের পরিচয় নিশ্চিত হয়।’

উদ্ধার হওয়া শিশু ও অপহরণকারীদের কুমিল্লায় আনতে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি টিম ময়মনসিংহ গিয়েছে বলে কোতোয়ালী মডেল থানার ওসি জানিয়েছেন।