কলেজছাত্র সাদেক ছোবহান সাকিব অপহরণ ঘটনার ‘মূল হোতা’ জাহাঙ্গীর আলম প্রকাশ জয়কে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর হকার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ।
নগর পুলিশের সহকারী কমিশনার (পশ্চিম) মঈনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার জয় অপহৃত ওই ছাত্রের খালাত ভাই। জয় লোহাগাড়া উপজেলার সুখছড়ি গ্রামের কামাল উদ্দিন প্রকাশ কামাল ড্রাইভারের ছেলে।
মঈনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টাকার লোভে জয় তার খালাত ভাই সাবিককে অপহরণ করে। সোমবার ভোরে সাকিবকে উদ্ধারের পর ঘটনার সঙ্গে জয় জড়িত থাকার বিষয়টি আমরা নিশ্চিত হই। পরে সারা দিন বিভিন্ন জায়গায় অভিযানের চালিয়ে আজ সকালে তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
এর আগে গত ১০ জানুয়ারি সকালে চন্দনাইশের বিজিসি ট্রাস্ট কলেজে যাওয়ার পথে অপহৃত হন সাকিব। এ ঘটনায় সাকিবের বাবা ফৌজুল কবীর সাতকানিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। পরে বিষয়টি নগর গোয়েন্দা পুলিশকে জানানোর পর সোমবার ভোরে লোহাগাড়া উপজেলার বটতলী বাজার এলাকার এম কে বোর্ডিংয়ে অভিযান চালিয়ে পুলিশ সাকিবকে উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত মোহাম্মদ হোসেন নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।