পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মন্ত্রী

মতবিনিময় সভায় পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী

পরিবেশ অধিদফতর চট্টগ্রামের অঞ্চলে কর্মরত কর্মকর্তাদের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেছেন, ‘অফিসে বসে কাজ করবেন, তাহলে কাজের গতি বাড়বে না। সব প্রতিষ্ঠানকে ছাড়পত্রের আওতায় আনতে হবে। যারা ছাড়পত্র নিচ্ছে না, আর যারা নিয়ে ছাড়পত্র নবায়ন করছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

শনিবার (২৬ এপ্রিল) নগরীর খুলশীতে পরিবেশ অধিদফতরের নবনির্মিত গবেষণাগার পরিদর্শন শেষে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। সভায় মন্ত্রী বলেন, ‘চট্টগ্রামের সব শিল্প-কারখানাকে সরাসরি মনিটরিংয়ের আওতায় আনতে হবে।’

শাহাব উদ্দিন বলেন, ‘পরিবেশ দূষণকারী শিল্প-কারখানার বায়ু, শব্দ এবং তরল বর্জ্যের মান পরিবীক্ষণ করতে গবেষণাগারটি স্থাপন করা হয়েছে। এটি দেশের সবচেয়ে অত্যাধুনিক গবেষণাগার। এমন সমৃদ্ধ গবেষণাগার পাওয়ার পরও আপনারা যদি অফিসে বসে থাকেন, তাহলে এটি হবে দুঃখজনক। কর্মকর্তাদের বিভিন্ন কারখানা পরিদর্শন বাড়াতে হবে। পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে হবে। গবেষণাগারে যারা কাজ করছেন, তাদেরও সঠিকভাবে কাজ করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘নদীতে অবৈধ দখল কিংবা কলকারখানার বর্জ্য ফেলা যাবে না; নজরদারি বাড়াতে হবে। চট্টগ্রামে যারা পাহাড় কাটছে, তারা যত বড়ই প্রভাবশালী হোক না কেন তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে হবে। কারণ যারা পাহাড় কাটে, তারা কেউ আইনের উর্ধ্বে নয়। যারা এখনও সনাতন পদ্ধতিতে ইট পোড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন্নাহার, সচিব আব্দুল্লাহ আল মোহসিন চৌধুরী, অতিরিক্ত সচিব মো. মনসুর আলম, প্রধান বন সংরক্ষক মো. শফিউল আলম চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।