দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

বাংলাদেশি ব্যবসায়ী শাহাজাহান সাজু (ছবি– প্রতিনিধি)

দক্ষিণ আফ্রিকার ফোর্ট এলিজাবেথ এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এক অস্ত্রধারীর গুলিতে শাহাজাহান সাজু (৪৭) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ মে) বাংলাদেশ সময় বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।

শাহাজাহান সাজু উপজেলার আদ্রা দক্ষিণ ইউপির আটিয়াবাড়ি গ্রামের রুস্তম আলী ভুঁইয়ার ছেলে। শাহাজাহান সাজুর স্ত্রী ও দুই ছেলে আছে।

নিহতের ছেলে মো. মানিক জানান, গত ১৬ বছর ধরে তার বাবা শাহাজাহান সাজু দক্ষিণ আফ্রিকার ফোর্ট এলিজাবেথ এলাকায় ব্যবসা করে আসছেন। গত ৫ মাস আগে তিনি ছুটিতে বাড়িতে এসে আবার দক্ষিণ আফ্রিকায় ফিরে যান। গত মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ২টার দিকে শাহাজাহান সাজু তার ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষে বের হয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় এক আফ্রিকান অস্ত্রধারী তার বুক এবং পিঠে গুলি করে পালিয়ে যায়।

মানিক আরও জানান, স্থানীয়রা শাহাজাহান সাজুকে উদ্ধার করে মার্কেন্টাইল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আফ্রিকান পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করে। আগামী ২-৩ দিনের মধ্যে লাশ দেশে ফিরতে পারে।

নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল ওহাব বলেন, ‘আটিয়াবাড়ী গ্রামের রুস্তম আলীর ভূঁইয়ার ছেলে শাহজাহানকে দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীরা গুলি করে হত্যার বিষয়টি শুনেছি। আমরা ইউনিয়ন পরিষদ থেকে খোঁজখবর রাখছি। কোনও ধরনের সহযোগিতার প্রয়োজন হলে আমরা করবো।’