চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নাম ব্যবহার করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কাছে টাকা চাওয়া হচ্ছে বলে জানা গেছে। সোমবার (২৭ মে) বিকেলে জেলা প্রশাসনের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এ বিষয়টি জানানো হয়।
স্ট্যাটাসে বলা হয়, ‘জেলা প্রশাসক, চট্টগ্রামের নামে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কাছে আর্থিক অনুদান চাওয়া হচ্ছে বলে আমাকে জানানো হয়েছে। এটি একটি দুষ্কৃতকারী চক্রের কাজ। আপনারা এ ধরনের ফোনে বিভ্রান্ত হয়ে কোনও লেনদেন করবেন না।’
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ধরনের ঘটনা শুধু আমার সঙ্গে ঘটেছে তা নয়, সারা দেশে পদস্থ কর্মকর্তাদের নামে ফোন করে দুষ্কৃতকারীরা মানুষকে বিভ্রান্ত করছে। সম্প্রতি দুষ্কৃতকারীরা চট্টগ্রামের কিছু শিল্প প্রতিষ্ঠানের মালিকের কাছে আমার নামে ফোন করে টাকা দাবি করেছে। বিষয়টি জানার পর আমি স্ট্যাটাস দিয়ে সবাইকে সতর্ক করে দিয়েছি। যে মোবাইল নম্বর থেকে কল করা হয়েছিল তা বন্ধ পাওয়া যাচ্ছে।