কক্সবাজারের উখিয়ায় সেপটিক ট্যাংকে পড়ে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার শিশু আহত হয়েছে। রবিবার (২৮ জুলাই) দুপুর ১২টার হাকিমপাড়া রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে। উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের নাম আরিফুল ইসলাম। সে উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা শিবিরের ১৫ নম্বর বক্লের মোহাম্মদ হোসাইনের ছেলে। ২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে উখিয়ায় এ রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেয় তারা।
প্রক্ষ্যদর্শী ও পুলিশ সূত্র জানায়, রবিবার দুপুর ১২টার দিকে পাঁচজন রোহিঙ্গা শিশু সেপটিক ট্যাংকের ওপরে উঠে খেলা করছিল। হঠাৎ সেপটিক ট্যাংকের রিং ভেঙে তারা গর্তে পড়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। বাকিদের সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাকিম পাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ সোহাগ বলেন, ‘সেপটিক ট্যাংকে পড়ে এক শিশু মারা গেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’