কবিরহাটে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালীনোয়াখালীর কবিরহাট থানায় এক কলেজছাত্রী (২৩) ধর্ষণের অভিযোগ করেছেন। সাইফুর রহমান (২৭) নামের এক তরুণের বিরুদ্ধে তিনি এ অভিযোগ করেন। সোমবার (২৬ আগস্ট) সকালে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।

কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, অভিযোগের ভিত্তিতে সাইফুর রহমানকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। সে কবিরহাট পৌরসভার পূর্ব ফতেজঙ্গপুর গ্রামের সেকান্দর মিয়ার ছেলে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, ডাক্তারি পরীক্ষা শেষে ওই ছাত্রীকে পুলিশি হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাইফুর রহমানের সঙ্গে ওই তরুণীর সাত বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। শুক্রবার (২৩ আগস্ট) বিকালে তারা একসঙ্গে ঘুরতে বের হন। ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় সাইফুর রহমান ওই তরুণীকে তাদের বাড়ির একটি নির্মাণাধীন ঘরের ছাদে নিয়ে যান। রাতে তারা একসঙ্গে ছিলেন। শনিবার (২৪ আগস্ট) ভোরে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। এরপর থেকে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন সাইফুর।