লক্ষ্মীপুরের রায়পুর বাজারের প্রধান সড়কের শাহী হোটেল দখলের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি ও যুবদলের ছয় নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম এ আদেশ দেন।
সন্ধ্যায় আদালতের জারিকারক মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিচারক মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।’
গ্রেফতারি পরোয়ানাভুক্ত ফয়সাল ওরফে শাহরিয়ার ফয়সাল রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার আফিল উদ্দিনের ছেলে। অন্যরা হলেন—রায়পুর উপজেলা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারী, যুবদল নেতা বাপ্পি, মনির হোসেন বাবু, রাসেল ও জেলা কৃষকদলের সদস্য জামাল হোসেন। তারা বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।
আদালত সূত্রে জানা যায়, গত ৩ জুলাই অভিযুক্তরা রায়পুর বাজারের শাহী হোটেল দখলের চেষ্টা করেন। এ সময় তারা হোটেলের মালিক হাবিব উল্যাকে মারধর করে ভয়ভীতি দেখান বলেও মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ৮ জুলাই হাবিব উল্যা বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল রায়পুর আদালতে ভূমি বিরোধ আইনে মামলা করেন। মামলায় বিএনপি নেতা ফয়সালসহ ছয় জনের নাম উল্লেখ করা হয়। বাদী হাবিব উল্যা রায়পুর উপজেলার দক্ষিণ কেরোয়া এলাকার মৃত হারিছ মিয়ার ছেলে।
পুলিশের প্রতিবেদন পাওয়ার পর সোমবার আদালত বাদী ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন। পরে মামলাটি আমলে নিয়ে ছয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক।









