নুসরাতের বাড়ির সামনে থেকে আটক ব্যক্তি ‘মানসিক ভারসাম্যহীন’

 

নুসরাত জাহান রাফিফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির বাড়ির সামনে থেকে আটক জসিম উদ্দিন মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ। ফেনীর এসপি খোন্দকার নুরুন্নবী বাংলা ট্রিবিউনকে এ তথ্য  নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ে নুসরাতের বাড়িতে যান জসিম উদ্দিন। কিন্তু তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। এজন্য তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।’

এসপি আরও বলেন, ‘জসিম উদ্দিন মানসিক ভারসাম্যহীন বলে তার ভাই জানিয়েছেন। তার ভাই চট্টগ্রাম থেকে এলে তার হাতে জসিমকে তুলে দেওয়া হবে। আর অটোরিকশার চালককে নুসরাতের বড় ভাই ও স্থানীয় ইউনিয়ন পরিষদের জিম্মায় দেওয়া হয়েছে।’

সোনাগাজী থানার পরিদর্শক (তদন্ত) মো. খালেদ হোসেন বলেন, ‘আটক ব্যক্তির নাম জসিম উদ্দিন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কুতুবখালী গ্রামে। শুক্রবার রাত দুইটার দিকে অসংলগ্ন কথাবার্তা বলার কারণে নুসরাতের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।’

নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, ‘শুক্রবার জুমার নামাজের আগে একটি অপরিচিত নম্বর থেকে কল দিয়ে আমাকে গালাগাল ও হুমকি দেওয়া হয়। এর আগে সকালে আমার মায়ের ফোনেও কল করে হুমকি দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।’

এ প্রসঙ্গে পরিদর্শক (তদন্ত) মো. খালেদ হোসেন বলেন, ‘ফোনে হুমকি দেওয়ার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। পরিবারটির নিরাপত্তায় বাড়িতে দুইজন কর্মকর্তাসহ ১০-১২ জন পুলিশ সদস্য দায়িত্বে রয়েছেন। একইভাবে পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।’

অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার রায় ঘোষণার পর এজলাস থেকে আসামিদের জেলা কারাগারে ফেরত নেওয়ার সময় তাদের মধ্যে কেউ কেউ মাহমুদুল হাসান নোমানকে দেখে নেওয়ার হুমকি দেয়। রায় ঘোষণার আগে অজ্ঞাত দুর্বৃত্তরা নুসরাতের বাড়ির টেলিভিশনের ডিশ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ছয় ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে ডিশ সংযোগের মালিক নতুন তার দিয়ে লাইন সচল করেন।

আরও খবর...
ফোনে হুমকি পাওয়ার অভিযোগ নুসরাতের মা ও ভাইয়ের