এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আবু তাহের বলেন, ‘যেহেতু গণমাধ্যমে এ ধরনের খবর এসেছে, তাই ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই তিন দিন ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত থাকবে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
ঘটনা তদন্তে গঠিত ৩ সদস্যের কমিটিতে রয়েছেন−রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান (আহ্বায়ক), পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার (সদস্য) এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক (সদস্য সচিব)।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২০৬০৫০ রোলধারী সাজ্জাতুল ইসলাম নামের এক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে ১২ নভেম্বর প্রকাশিত ‘বি’ ইউনিটের ফলাফলে দেখা যায়, ২০৬০৫০ রোলধারী ওই শিক্ষার্থী ‘বি’ ইউনিটের (মানবিক) মেধাতালিকায় ১২তম স্থান অধিকার করেছেন।