বিআরটিসি বাসচালকের বিরুদ্ধে কুবির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ






কুমিল্লা বিশ্ববিদ্যালয়কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী এক বিআরটিসি বাসের চালকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী দুপুর বারোটার ৯ নম্বর বাসে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী। ভুক্তভোগী ছাত্রী বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক লিখিত অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ ঘটনার কথা জানান।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১০ম ব্যাচের ওই ছাত্রী অভিযোগ করেন, বিআরটিসির কুমিল্লা বাস ডিপোর ঢাকা মেট্রো ব-১১-৫২০৫ নং গাড়ির বাসচালক খোকা মিয়া তার সঙ্গে অসদাচরণের পাশাপাশি বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে বাজে ইঙ্গিত করেন।

অভিযোগকারী শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী তিনি অসুস্থতার কারণে বুধবার সকাল ১১টায় দাঁড়িয়ে থাকা ৯ নম্বর বিআরটিসি বাসে উঠে বসেন। একজন বাসচালককে জিজ্ঞেস করেন, ‘এই বাসটি ১২টায় যাবে কিনা।’ তখন বাসচালক বলেন, ‘যাবে’। বাসে ওঠার পর তিনি ঘুমিয়ে পড়েন।

লিখিত অভিযোগে তিনি আরও বলেন, ‘যখন ঘুম ভাঙে তখন দেখি আমি বাসে একা, আর বাস তখন বেলতলিতে। বাসে ড্রাইভার আর হেলপার ছাড়া আর কেউ ছিল না। তখন ১১টা ২০ মিনিটে বাসের ড্রাইভার আমাকে বলেন বাস নষ্ট হয়েছে, কিছু কাজ আছে, আর গ্যাস নিতে হবে।

হয়রানির শিকার শিক্ষার্থী জানান, এরপর তিনি বাসের সামনের সিটে গিয়ে বসেন এবং অন্য বাস আসে কিনা অপেক্ষা করতে থাকেন। কিন্তু বাসচালক তখন তাকে বিভিন্ন ব্যক্তিগত প্রশ্ন করতে শুরু করেন। জিজ্ঞাসা করেন অনেক বিভাগ এই বন্ধে ট্যুরে কক্সবাজার যাচ্ছে তো সেই ছাত্রী যাবে কিনা ট্যুরে।

ওই শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘আমি তাকে বলি যে আমি যাবো না। তখন সে আমাকে বলে- আমি কক্সবাজার ট্যুরে যাচ্ছি ২-৩ দিন থাকবো। থাকা খাওয়া সব ফ্রি, আপনার নম্বরটা দেবেন? যাওয়ার আগে আপনাকে কল দেবো। আপনি যাবেন কিনা এটা জিজ্ঞেস করতে। পরে ওই চালক নিজের টিশার্ট বুকের উপর উঠিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। তারপর আমি কোনোরকমে বাস থেকে নেমে চলে আসি।’

লিখিত অভিযোগে ওই ছাত্রী বাসচালকের বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তবে বাসচালক খোকা মিয়া দাবি করেন তিনি ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে কোনও বাজে আচরণ করেননি। তিনি বলেন, ‘আমি পাম্পে থাকা অন্য ড্রাইভার ও মেকানিকদের সঙ্গে দুষ্টমি করে পেট দেখাইছি। এটা দেখে হয়তো ওই মামা (ছাত্রী) মাইন্ড করে থাকতে পারে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম ১০দিনের বন্ধে অনেকে কক্সবাজার যাচ্ছে, তিনি যাবেন কিনা। এর বাইরে আর কোনও কথা হয়নি।’

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মো. কামালউদ্দিন বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। কোটবাড়ী পুলিশ ফাঁড়ির ওসিসহ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রনেতারা আমরা একত্রেই আছি। ওই বাসচালককে ধরতে অভিযান চলছে।’

এদিকে অভিযোগ পেয়ে বাসচালক খোকা মিয়ার নিয়োগাদেশ বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের কুমিল্লা বাস ডিপো।

বিআরটিসি কুমিল্লা ডিপোর ম্যানেজার কামরুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগাদেশ বাতিল করা হয়।