ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হওয়ায় নোয়াখালীতে আনন্দ মিছিল

 

Noakhali-Pic-03সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তার নিজ জেলা নোয়াখালীতে আনন্দ মিছিল হয়েছে। চলছে মিষ্টি বিতরণ।

ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক ঘোষণা করার সঙ্গে সঙ্গে তার নির্বাচনি এলাকা কোম্পানীগঞ্জের বসুরহাটে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে বসুরহাট পৌর শহরে তারা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। এছাড়া নোয়াখালীর অন্যান্য উপজেলায়ও আনন্দ মিছিল হয়েছে।

ওবায়দুল কাদেরকে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় তারা দলীয় সভাপতি শেখ হাসিনাকেও অভিনন্দন জানান।

Noakhali-Pic-01নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজাপুর গ্রামে ১৯৫২ সালের ১ জানুয়ারি ওবায়দুল কাদের জন্মগ্রহণ করেন। নোয়াখালী-৫ আসন (কোম্পানীগঞ্জ-কবিরহাট) থেকে তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।

বঙ্গবন্ধুর মৃত্যুর পর নোয়াখালী থেকে আওয়ামী লীগের একমাত্র সভাপতি নির্বাচিত হন আব্দুল মালেক উকিল। এরপর আর কেউ এত বড় পদ পাননি। এজন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জেলার সাধারণ মানুষও বেশ উচ্ছ্বসিত।