করোনায় মারা গেলেন শিল্পপতি হাসান জামিল সাত্তার

জামিল সাত্তারকরোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বিশিষ্ট শিল্পপতি ও কুমিল্লার দাউদকান্দির কৃতি সন্তান হাসান জামিল সাত্তার (৭০)। বৃহস্পতিবার (২৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার ভাতিজা ও দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ সেইন এ তথ্য জানান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও এক ভাইসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

নাঈম ইউসুফ সেইন বলেন, 'চাচা কিডনিসহ শারীরিক নানা সমস্যায় অসুস্থ ছিলেন। এছাড়াও তিন দিন আগে তার করোনা পজিটিভ আসার পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।’

প্রবাসী স্বজনরা দেশে আসার পর শুক্রবার বেলা ১১টায় স্বাস্থ্যবিধি মেনে দাউদকান্দির হাসানপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

এদিকে রাজনৈতিক পরিবারের সন্তান হাসান জামিল সাত্তারের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের নেতারা।