সাবেক গণপরিষদ সদস্য এমদাদুল বারীর দাফন সম্পন্ন






প্র্রয়াত সৈয়দ এ.কে.এম.এমদাদুল বারী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক জেলা পরিষদ প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক গণপরিষদ সদস্য সৈয়দ এ.কে.এম.এমদাদুল বারীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে শহরের দক্ষিন মৌড়াইল পিটিআই স্কুল মাঠে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরুত্ব মেনে এই নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন পিটিআই স্কুল মসজিদের ইমাম জাকির হোসেন।

জানাজায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম এমএইচসি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার’সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

এর আগে মরহুম সৈয়দ এ.কে.এম.এমদাদুল বারীর মৃত্যুতে তার জীবনী স্মৃতিচারণ করে শোক ও সমবেদনা প্রকাশ করেন উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
পরে মরহুমের মরদেহ নিয়ে যাওয়া হয় জেলা আইনজীবি পরিষদ কার্যালয়ে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে নিজ বাড়ি আখাউড়া উপজেলার রাণীখার গ্রামে নিয়ে যাওয়া হয়। বাদ জোহর সেখানে তৃতীয় জানাজার পর তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, সোমবার (সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।