স্বাস্থ্যবিধি মেনে সারাদেশের মতো রাঙামাটিতে বই বিতরণ করা হচ্ছে। সাধারণ বইয়ের সঙ্গে তৃভাষার বই পাচ্ছে ২৭ হাজার ৫৯১ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা। তবে জেলায় পঞ্চম শ্রেণির ১৩ হাজার ৭০৪ শিক্ষার্থী নতুন বই পায়নি। জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ২-১ দিনের মধ্যে বই পৌঁছে যাবে।
শুক্রবার (১ জানুয়ারি) সকালে শহরের বনরূপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন।
তিনি জানান, করোনার প্রভাবে এবার জাঁকজমকভাবে বই উৎসব পালন করা হচ্ছে না। পর্যায়ক্রমে শুধু অভিভাবকদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে। বই বিতরণেও সামাজিক দূরত্ব ও সরকারি নির্দেশনা মেনে এই বই বিতরণ করা হচ্ছে। আশা করছি ৫ জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে যাবে।
তিনি আরও জানান, করেনার কারনে প্রেসগুলো কাজে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে। তাই তারা নির্দিষ্ট সময়ে সব বই ছাপাতে পারেননি। পঞ্চম শ্রেণি নতুন বই এখনও না পৌঁছালেও আশা করছি ২-১ দিনের মধ্যে পৌঁছে যাবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে, এবছর জেলার ১০ উপজেলায় ৯৬ হাজার ১২৫ শিক্ষার্থীর বিপরীতি ৩ লাখ ৯৪ হাজার ২২০ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হবে। একইসঙ্গে চাকমা, মারমা ও ত্রিপুরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ২৭ হাজার ৫৯১ জন শিক্ষার্থীর বিপরীতে ৬২ হাজার ৩৯১টি বই বিতরণ করা হবে।