রাঙামাটিতে এলো ১২ হাজার ডোজ করোনা ভ্যাকসিন

অবশেষে করোনা টিকা রাঙামাটিতে পৌঁছলো। রবিবার দুপুর একটায় টিকা বহনকারী ফ্রিজার ভ্যানটি রাঙামাটি এসে পৌঁছায়। রাঙামাটিতে এসময় করোনার টিকা গ্রহণ করেন জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।

ডা. বিপাশ খীসা জানান, দুপুরে আমরা টিকা গ্রহণ করে সংরক্ষণ করেছি। একটি বড় কার্টনে টিকা সরবরাহ করা হয়েছে। এক কার্টনে ১২০০ ভায়াল আছে। প্রতি ভায়ালে ১০টি ডোজ। সর্বমোট ১২ হাজার ডোজ টিকা রাখা হয়েছে ইপিআই এর ওয়ার্ক ইন কুলারে। ইতোমধ্যে প্রথম ধাপে আমাদের তালিকা তৈরি করা হয়েছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে আমরা ১৯ হাজার জনের তালিকা কেন্দ্রে প্রদান করেছি।  তার বিপরীতে ১২ হাজার ডোজ পাওয়া গেছে।

ডা. বিপাশ খীসা আরও জানান, টিকাদান কেন্দ্রগুলো হাসপাতালে দেওয়া হবে। রাঙামাটি জেনারেল হাসপাতালে ৮টা টিম কাজ করবে। জরুরি প্রয়োজনে সিভিল সার্জন অফিসে আরও দুটি টিমকে প্রস্তুত রাখা হবে। মোবাইল অ্যাপটি ইতোমধ্যে উন্মুক্ত করা হয়েছে। এই অ্যাপটির মাধ্যমে আবেদন জমা দিতে হবে। টিকাদানের তারিখ মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

তিনি আরও জানান, সরকারের ইচ্ছে ইউনিয়ন পর্যায়ে এই টিকা দান কর্মসূচি শুরু করা, আপাতত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দুটি টিমের মাধ্যমে এই কার্যক্রম চালিয়ে যাওয়া এবং সম্পূর্ণ বিনামূল্যে এই টিকা প্রদান করা হবে।

প্রসঙ্গত, দেশে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর সর্বশেষ জেলা হিসেবে রাঙামাটিতে করোনা আক্রান্ত রোগী পাওয়া যায় ৬ মে। এরপর এই পর্যন্ত ১ হাজার ২২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৬ জন।