চতুর্থ দফায় ভাসানচর পৌঁছেছে ২০১০ জন রোহিঙ্গা সদস্য

চতুর্থ দফায় নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে পৌঁছেছেন দুই হাজার ১০ জন রোহিঙ্গা সদস্য। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পৌঁছানো রোহিঙ্গাদের মধ্যে ৫৭৭ জন পুরুষ, ৪৮৫ জন নারী ও ৯৪৮ জন শিশু রয়েছে।

এর আগে, সকাল ৯ টায় চট্রগ্রামের পতেঙ্গা নৌবাহিনীর রেডি রেসপন্স বার্থ থেকে পাঁচটি জাহাজ তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয়। রবিবার সড়ক পথে রোহিঙ্গা সদস্যরা চট্টগ্রাম এসে পৌঁছান। রাতে তাদের বিএএফ শাহীন কলেজ মাঠের অস্থায়ী ক্যাম্পে রাখা হয়। চতুর্থ দফায় ধাপে ধাপে প্রায় চার হাজার রোহিঙ্গাকে ভাসানচরে আনা হবে।

ভাসানচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহে আলম জানান, রোহিঙ্গাদের জাহাজ থেকে নামিয়ে প্রাথমিক মেডিক্যাল পরীক্ষা শেষে গাড়িযোগে ওয়্যার হাউজে সমবেত করে ব্রিফ দেওয়া হয়। পরে ভাসানচরের ক্লাস্টারে স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বর প্রথম ধাপে আনুষ্ঠানিকভাবে নারী-পুরুষ ও শিশুসহ ভাসানচরে পৌঁছায় এক হাজার ৬৪২ জন রোহিঙ্গা। রোহিঙ্গাদের জন্য প্রস্তুতকৃত ৭, ৮ ,৯ ও ১০ নম্বর ক্লাস্টারে তাদেরকে রাখা হয়। প্রথমধাপে ভাসানচরে আসা রোহিঙ্গাদের মধ্যে শিশু রয়েছে ৮১০জন, পুরুষ ৩৬৮জন, নারী ৪৬৪জন।

গত ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় কক্সবাজার থেকে আরও এক হাজার ৮০৪ জন রোহিঙ্গা সদস্য ভাসানচরে পৌঁছান। তাদের মধ্যে ১৩০ জনের বেশি রয়েছে প্রথম দফায় যাওয়া রোহিঙ্গাদের স্বজন। এর আগে, গত বছরে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ভাসতে থাকা দুই ধাপে ৩০৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

গত ২৯ জানুয়ারি তৃৃতীয় ধাপের প্রথম পর্যায়ে ভাসানচরে এসে পৌঁছায় এক হাজার ৭৭৬ জন রোহিঙ্গা। এদের মধ্যে পুরুষ ৪০৪ জন, নারী ৫১০ জন ও ৮৬২ জন শিশু রয়েছে। ৩০ জানুয়ারি তৃতীয় ধাপের দ্বিতীয় পর্যায়ে আরও এক হাজার ৪৬৭ জন রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়। এদের মধ্যে পুরুষ ৩৪৭ জন, নারী ৪০৫ ও ৭১৫ জন শিশু ছিল।

এর আগে, ২০১৯ সালের ১৯ এপ্রিল হাতিয়ায় মেঘনা নদীর বুকে জেগে ওঠা ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরের জন্য তিন হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে আশ্রয়কেন্দ্র নির্মাণ শেষ হয়। ২০১৯ সালের ৩০ নভেম্বরের মধ্যে এ প্রকল্পের কাজ বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও আগেই শেষ হয় সব অবকাঠামো নির্মাণ। হাতিয়া থেকে প্রায় ৫০কিলোমিটার দূরে ১৩ হাজার বর্গ কিলোমিটার দ্বীপের এ আশ্রয়ণ প্রকল্পে ১২০টি গুচ্ছগ্রাম রয়েছে। এতে প্রায় এক লাখ রোহিঙ্গার আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন:
ভাসানচরে কেমন আছেন রোহিঙ্গারা
ভাসানচরের প্রতি আগ্রহ বাড়ছে রোহিঙ্গাদের
‘ভাসানচর ভালো লেগেছে রোহিঙ্গা নেতাদের’
ভাসানচরে যেতে দলে দলে ক্যাম্প ছাড়ছেন রোহিঙ্গারা