লক্ষ্মীপুরের রামগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। তার নাম পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার ভোররাতে রামগঞ্জের আঙ্গারপাড়ায় দেওয়ান বাচ্চুর বাড়িতে এ ঘটনা ঘটে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সোলায়মান চৌধুরী একথা জানিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোররাতে দেওয়ান বাচ্চুর বাড়িতে চোর ঢুকলে ঘরের লোকজন টের পেয়ে চিৎকার করে। এসময় চোর পালাতে গেলে বাড়ি ও আশেপাশের লোকজন তাকে ধরে ফেলে। এরপর গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সন্দেহভাজন চোরের মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি সোলায়মান জানান, এ ঘটনায় যে বাড়িতে চোর ঢুকেছে বলে অভিযোগ পাওয়া গেছে সেই বাড়ির তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
/এআর/এসটি/