চাঁদপুরে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় শেখ মেহেদী হাসান রুবেল (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ওয়্যারলেস মুন্সিবাড়ি রেলক্রসিং এলাকায় চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মো. রাজন খান নামের একজন গুরুতর আহত হয়েছেন।
মেহেদী হাসান রুবেল এনায়েত নগর শেখেরহাট বাজার এলাকার বাচ্চু শেখের ছেলে। তিনি চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, রুবেল ও রাজন খান মোটরসাইকেলযোগে চাঁদপুর থেকে শেখেরহাট যাচ্ছিলেন। মুন্সিবাড়ি রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন রুবেল। রাজন খানের বাঁ হাত ও পা ভেঙে যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. মো. ফরহাদুল করিম বলেন, রুবেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। রাজন খানের হাত-পা ভেঙে গেছে। তার চিকিৎসা চলছে।