ভিক্ষুক সেজে মাদক মামলার যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এনায়েত বাজার বাটালী রোডে বরফ গলির মুখ থেকে মো. আলী হোসেন নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৭ আগস্ট) বিকালে থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেফতার মো. আলী হোসেন ২০১১ সালে র্যাব-৭ এর দায়ের করা মামলার আসামি। ওই মামলার বিচার কাজ শেষ হওয়ার আগে জামিনে বের হয়ে আলী হোসেন এতদিন পলাতক ছিলেন। পরে ভিক্ষুকের বেশ ধরে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। আজ (শুক্রবার) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি মো. আলী হোসেন ও মেয়ে মোছাম্মৎ নুর বেগমকে (৩৭) ২০১১ সালে ১০০ বোতল ফেনসিডিলসহ র্যাব-৭ গ্রেফতার করে। পরে র্যাব-৭ বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করে। মামলার বিচারকার্য শেষে চট্টগ্রাম ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।