সিআরবিতে হাসপাতাল নির্মাণ বন্ধের দাবি নিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন নাগরিক সমাজ-চট্টগ্রামের নেতৃবৃন্দ। সোমবার (১ নভেম্বর) দুপুরে ঢাকায় রেল ভবনে এ বিষয়ে মন্ত্রীর সঙ্গে মতবিনিময়কালে করেন তারা।
নাগরিক সমাজ-চট্টগ্রামের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুরে আমরা রেল ভবনে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলছি। সে সময় আমরা তার কাছে প্রকল্পের যাবতীয় অসঙ্গতি তুলে ধরে তথ্য-উপাত্ত উপস্থাপন করি। তিনি চট্টগ্রামবাসী না চাইলে সিআরবিতে বেসরকারি হাসপাতাল হবে না বলে আমাদের আশ্বস্ত করেছেন। ’
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন– নাগরিক সমাজ-চট্টগ্রামের কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাজান চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন, নাগরিক সমাজ-চট্টগ্রামের যুগ্ম সদস্য সচিব ও বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের মহাসচিব শাহীন উল ইসলাম চৌধুরী, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, প্রণব চৌধুরী, অ্যাডভোকেট রাশেদুল ইসলাম ও অনির্বাণ দত্ত।