কক্সবাজারের টেকনাফে এক জেলের জালে ধরা পড়েছে বিশাল দুটি ‘কালো পোয়া’ মাছ। মাছ দুটির ওজন ৬৪ কেজি ৭০০ গ্রাম। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকালে সাগরে মাছ দুটি ধরা পড়ে। পরে বিক্রি করা হয় সাত লাখ ৬০ হাজার টাকায়।
জেলেরা জানান, টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দা ইউপি সদস্য আবদুল মান্নানের মালিকানাধীন ট্রলার নিয়ে মাঝি হাসু আলীর নেতৃত্বে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান জেলেরা। বৃহস্পতিবার বিকালে জাল তুললে দুটি বড় কালো পোয়া মাছ পাওয়া যায়। মাছ দুটির ওজন ৬৪ কেজি ৭০০ গ্রাম। মাছটি নিয়ে দ্বীপের জেটি ঘাটে ফিরে আসার পর উৎসুক মানুষের ভিড় জমে। পরে মাছ দুটি সাত লাখ ৬০ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ীরা।
আবদুল মান্নান জানান, কালো পোয়া মাছ দুটি সাত লাখ ৬০ হাজার টাকায় কক্সবাজারের এক মাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়।
ট্রলারের মাঝি হাসু আলী বলেন, ‘আমরা পাঁচ দিন আগে সাগরে মাছ শিকারে যাই। জালে দুটি কালো পোয়া মাছ ধরা পড়ার পর আমরা ট্রলারে নিয়ে ঘাটে ফিরে আসি।’
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, পোয়া মাছের পেটে ‘পদনা’ নামে বিশেষ অংশ থাকে। স্থানীয় ভাষায় এটাকে ‘ফুলা’ বলে, যা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এই ‘পদনা’ শুকিয়ে ওষুধের কাঁচামাল হিসেবে বিদেশে উচ্চমূল্যে বিক্রি করা হয়। এ জন্য পোয়া মাছের দাম ও চাহিদা বেশি।