গ্যাসের জন্য গভীরভাবে খনন করা হবে ৫ কূপ: জ্বালানি সচিব

গ্যাস উৎপাদন বাড়াতে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড এর অধীনে পাঁচটি কূপকে গভীরভাবে খনন করা হবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর  রহমান।  শনিবার (১৩ নভেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিরাসারে বাংলাদেশ গ্যাস ফিল্ড লিমিটেড (বিজিএফসিএল) এর সদর দফতরে প্রতিষ্ঠানটির ৬৬তম বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আনিছুর রহমান বলেন, ‘বর্তমানে প্রতিটি কূপে চার থেকে সাড়ে চার হাজার মিটার পর্যন্ত খনন করা হয়। গ্যাসের উৎপাদন বাড়াতে এখন থেকে ৭ হাজার মিটার পর্যন্ত খনন করা হবে। এতে করে আরও বেশি পরিমাণ গ্যাস পাওয়া সম্ভব হবে। গভীর খনন করা পাঁচটি কূপের মধ্যে তিনটি ব্রাহ্মণবাড়িয়ায় হবে। বাকি দুটি হবে সিলেটে।’ এছাড়া  ত্রি-মাত্রিক ভূকম্পন জরিপ (সিসমিক সার্ভে)-সহ নানা উদ্যোগ নেওয়ার কথা জানান জ্বালানি সচিব।

এর আগে কোম্পানি ৬৬তম বৈঠকে জানানো হয়, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড ২০২০-২১ অর্থবছরে সরকারি কোষাগারে ৫৫৮ কোটি টাকার বেশি জমা করেছে। সবকিছু বাদ দিয়ে ১৭৪ কোটি টাকা নিট মুনাফা লাভ করেছে। বৈঠকে বাংলাদেশ গ্যাসফিল্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান তপু, কোম্পানির সচিব এটিএম শাহ আলম অর্জুন ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।