যানজট নিরসনে কক্সবাজারের টেকনাফ পৌরসভায় সড়কের দু’পাশে ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ২০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। (১৭ নভেম্বর) বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ‘পরিছন্ন দেশ গড়ি ও যানজট মুক্ত শহর গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে পৌরসভাস্থল কলেজ গেট ও বাস স্টেশনে অভিযান চালায় পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন ভূঁইয়া।
পর্যটন শহর টেকনাফকে যানজটমুক্ত রাখতে ফুটপাতগুলো দখলমুক্ত করা হচ্ছে উল্লেখ করে ইন্সপেক্টর ফারুক আল মামুন জানান, ‘ফুটপাত দখল করে কিছু অসাধু ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছে। ফলে যানজট সৃষ্টি হওয়ায় জনগণের অসুবিধা হচ্ছে।’
তিনি আরও জানান, যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান চলছে। এতে ফুটপাতে গড়ে উঠা অবৈধ ২০টি দোকান তুলে দেওয়া হয়েছে। কোনোভাবেই ফুটপাত দখল করে রাখতে দেওয়া হবে না।
তবে স্থানীয়দের অভিযোগ, পৌরসভাস্থলে বিভিন্ন জায়গায় নোহা, টমটম, অটোরিকশা, বাস ও ট্রাকগুলো সড়ক দখল করে রাখায়, যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়া ফুটপাতগুলো কিছু অসাধু ব্যবসায়ী দখল করে রেখেছেন। এতে পথচারীদের প্রতিনিয়িত ভোগান্তি পড়তে হচ্ছে।