জাতীয় পরিষেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা নেওয়ায় আরএফ বিল্ডার্স নামে এক ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তোলেন কক্সবাজার আইনজীবী সমিতির সাবেক সভাপতি নুরুল আলম নামে এক সিনিয়র আইনজীবী।
তিনি শহরের কলাতলীর ওয়ার্ল্ড বিচ রিসোর্টের ভূমির মালিক। হোটেলটি তৈরি করেছে আরএফ বিল্ডার্স।
নুরুল আলম দাবি করেন, দীর্ঘদিনেও ফ্ল্যাট বুঝে না দিয়ে গত ৮ নভেম্বর রাতে জোর পূর্বক সাদা স্ট্যাম্পে সই নেওয়ার চেষ্টা করে ডেভেলপার কোম্পানি। এ সময় বাঁধা দিলে তাদের ওপরে সন্ত্রাসী হামলা চালানো হয়। পরে জাতীয় পরিষেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আরএফ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক হাজি দেলোয়ার হোসেন, তার ছেলে ওমর ফারুক ও ইমরান ফয়সাল এবং আরএফ বিল্ডার্সের কর্মকর্তা শেখ আব্দুল্লাহকে আটক করে। এই ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন অ্যাডভোকেট নুরুল আলম। হাজি দেলোয়ার হোসেন জামিন পেলেও বাকিরা এখনও কারাগারে আছেন।
কারাগার থেকে বের হয়ে ভূমি মালিকদের প্রাণনাশের হুমকি এবং পুলিশের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন অ্যাডভোকেট নুরুল আলম।
তিনি অভিযোগ করেন, ৪ বছরের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার চুক্তি করে ২০০৮ সালে কলাতলীতে তাদের জমিটি নিয়েছিল আরএফ বিল্ডার্স। কিন্তু সাড়ে ১৩ বছরেও ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি ডেভেলপার কোম্পানি। এই কোম্পানির মালিক হাজি দেলোয়ার প্রতারণার মাধ্যমে ভূমি মালিকদেরকে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করে আসছেন। ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার জন্য জোরাজোরি করলে তাদের ওপরে হামলা চালানো হয় ও হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ভূমি মালিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— অ্যাডভোকেট আশরাফুল আলম, জাহানারা বেগম, মনসুর আলম, খোরশেদ আলম, জাহেদ রেজাসহ প্রমুখ।
এ ব্যাপারের জানতে ডেভেলপার কোম্পানি আরএফ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক হাজি দেলোয়ার হোছেনের মোবাইল ফোনে একাধিকবার কল করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।