মামুনের মাথায় আনারস, দেখতে মানুষের ভিড়

মাথার চুলের কাট আনারস সদৃশ দেওয়া কুমিল্লার মামুনকে দেখতে ভিড় করছেন আশপাশের গ্রামের অনেকেই। ইতোমধ্যে ‘আনারস মামুন’ হিসেবেই পরিচিতি পেয়েছেন তিনি। বন্ধু-বান্ধব থেকে শুরু করে আশপাশের গ্রাম থেকে মামুনের সঙ্গে দেখা করতে আসছেন অনেকে। সবাই তাকে আনারস মামুন বলেই সম্বোধন করছেন।

বুধবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোরকরা বাজারে গিয়ে দেখা গেছে, মানুষের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত মামুন। যুবকরা এক এক করে আসছেন এবং সেলফি তুলছেন। মামুন সবার সঙ্গে স্বাচ্ছন্দ্যে ছবি তুলছেন। সঙ্গে আনারস প্রতীকের জন্য চাইছেন ভোট।

নির্বাচনে এমন ব্যতিক্রমী প্রচারণা এই প্রথম দেখেছেন বলে জানিয়েছেন অনেকে। পাশের ইউনিয়ন কনকাপৈত থেকে আসা জীবন মিয়া বলেন, ‘মামুনের ছবি ফেসবুকে দেখছিলাম। তাই সকাল সকাল আসলাম তাকে দেখতে। আমার সঙ্গে আরও দুই বন্ধু এসেছে। আমাদের ইউনিয়নেও তার নাম আনারস মামুন হয়ে গেছে। সবাই এখন মামুনের ভক্ত।’

mamun

পাশের ইউনিয়ন জগন্নাথদিঘি থেকে মামুনকে দেখতে এসেছেন মামুন নামেরই এক কলেজ ছাত্র। তিনি বলেন, ‘আমি গতকাল রাতে একটা নিউজ পোর্টালে মামুন ভাইয়ের ছবি আর আর নিউজ দেখলাম। রাতেই বন্ধুদের মাধ্যমে তার খবর নিয়েছি। এখন তাকে দেখতে এলাম। খুবই সুন্দর হয়েছে তার মাথার আনারসটা। পুরাই সত্যিকারের আনারসের মতো লাগছে।’

ইউনিয়নের ধোরকরা বাজারের ব্যবসায়ী দিদার হোসেন বলেন, ‘আমি এর আগে এমন প্রচারণা দেখিনি। মামুন আমাদের ইউনিয়নের ছেলে। তার চিন্তা আমাদের অবাক করেছে। সকাল-সন্ধ্যা আমরা তাকে আনারসের মতো দেখতে মাথাসহ বাজারেই দেখি।’

মামুনের চাচা আবুল খায়ের বলেন, ‘আমার ভাতিজারে বিদেশি বিদেশি লাগে। আমার খুবই ভালো লাগে, তার এই আনারস কাটিং। আমরা এই আনারস নিয়ে নেমেছি। জয় নিয়ে ঘরে ফিরবো।’

mamun-=anaros2

এই বিষয়ে মামুন বলেন, ‘আমি ইউনিয়নে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তাহের ভাইকে ভালোবেসে এটি মাথায় নিয়েছি। আমাকে এলাকায় এখন আনারস মামুন ডাকে সবাই। এতে আমার কোনও সমস্যা নেই। আমরা চাই, চৌদ্দগ্রামের যত ইউনিয়ন আছে সব ইউনিয়নে যেন সুষ্ঠু ভোট হয়। প্রশাসনের কাছেও এটা আমাদের দাবি।’

এই বিষয়ে চিওড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আবু তাহের বলেন, ‘আমি অবাক হয়েছি, মামুনের এই ভালোবাসায়। সে অনেক কষ্ট করে এই কাটিং দিয়েছে। তার জন্য আমার ভোটাররাও দোয়া করছেন। তাকে নিয়ে প্রচারণায় যেতে আমার খুবই ভালো লাগে। তার জন্য শুভ কামনা।’

জানা গেছে, মাথার চুলে আনারসের কাট দেওয়া মামুন পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঝাটিয়ার খিল এলাকার রফিকুল ইসলামের ছেলে। মামুন চিওড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আবু তাহেরের সমর্থক। মঙ্গলবার কুমিল্লা প্রেস ক্লাবের সামনে ভিড়ের মধ্যে তাকে প্রথম দেখা যায়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে তার আনারস সদৃশ চুলের কাট।

মামুন বলেন, ‘রবিবার চিওড়া ধোরকরা বাজারের রাখালের সেলুনে এই ডিজাইন করি। দুদিন সময় লেগেছে। গুনতে হয়েছে এক হাজার ২০০ টাকা।’