চট্টগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি ট্রাকসহ আটক ৩

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে দুটি ট্রাক ও তিন হাজার ঘনফুট বালু। বুধবার (২০ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক এ অভিযান পরিচালনা করেন।

আটক ব্যক্তিরা হলো– পুইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. জসীম উদ্দীন (৩৪), সেলিম উদ্দিন (২৮) ও বোরহান (২৬)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জঙ্গল পুইছড়ি মৌজার ছড়া থেকে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে প্রতিদিন বালু উত্তোলন করে আসছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে তিন জনকে আটক এবং ট্রাকসহ বালু জব্দ করা হয়।

অভিযানে আরও অংশ নেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ফেরদৌস আনোয়ার ও সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন।